এশিয়ান বিচ গেমস

পদক জয়ের টার্গেট বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

পদক জয়ের টার্গেট বাংলাদেশের

এশিয়ান বিচ গেমসের গত পাঁচ আসরের মধ্যে প্রথম তিনটিতেই পদক জিতেছে বাংলাদেশ কাবাডি দল। তবে সর্বশেষ দুই আসরে কাবাডি ইভেন্ট ছিল না। এবার চীনের সানিয়ায় অনুষ্ঠেয় বিচ গেমসে কাবাডি রয়েছে। আবার পদক জয়ের টার্গেট বাংলাদেশ কাবাডি দলের। আজ বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই লক্ষ্যের কথা জানান গেমসের শেফ দ্য মিশন ও বিওএর সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ বিচ গেমসের প্রথম তিন আসরে কাবাডি থেকে ব্রোঞ্জ পদক এসেছিল। চতুর্থ ও পঞ্চম আসরে কাবাডি ছিল না। এই গেমসে সংযুক্ত হওয়ায় কাবাডি ঘিরে আমাদের প্রত্যাশা বেশি।’

বিচ গেমস সামনে রেখে ৮০ দিনের প্রস্তুতি নিয়েছে কাবাডির পুরুষ ও নারী দল। এশিয়ান বিচ গেমসে কাবাডির একটি ড্র হয়েছিল। সেই ড্র নিয়মানুসারে না হওয়ায় বাংলাদেশ প্রতিবাদ করে। পরে আবার ড্র করে নতুন ফিকশ্চার তৈরি করা হয়েছে। সেটি বাংলাদেশের অনুকূলে সংবাদ সম্মেলনে জানালেন মেজর (অব.) ইমরোজ আহমেদ ।

বিজ্ঞাপন

বিচ গেমসে কাবাডির পাশাপাশি বাংলাদেশ ভলিবল ও হ্যান্ডবল দল অংশ নিচ্ছে। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মালদ্বীপে বিচ কমনওয়েলথ হ্যান্ডবলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলাম। এশিয়ান বিচের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, আশা করছি ইতিবাচক ফলাফলের।’ বিচ কুস্তি তিন মিনিটের খেলা। সেখানে বাংলাদেশের দুই পুরুষ কুস্তিগীর অংশ নেবেন। কুস্তি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও দলের কর্মকর্তা মুবিন আহমেদ পদক জয়ের আশা করছেন। ওপেন ওয়েটার সুইমিংয়ে একজন পুরুষ সাঁতারু এই গেমসে অংশগ্রহণ করবেন।

গেমসের উদ্বোধনী মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন হ্যান্ডবল খেলোয়াড় রবিউল ও অ্যাথলেটিকসের সুমাইয়া দেওয়ান। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা থাকবে বাংলাদেশ ভলিবল দলের অধিনায়ক হরষিৎ বিশ্বাসের কাছে। বিচ গেমসের ছয় ডিসিপ্লিনে বাংলাদেশের মোট ৩১ ক্রীড়াবিদ অংশ নিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: