পূর্বাচলে নিজস্ব জায়গায় বিসিবির স্টেডিয়ামে নির্মাণের পর পরিকল্পনা বেশ পুরোনো। লম্বা সময় ধরে এই প্রকল্পের কথা শোনা গেলেও অগ্রগতি হয়েছে যৎসামান্য। আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, নকশা পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে। তিনি জানান পরিবর্তন করার জন্য নয়, জরুরি প্রয়োজনেই এই পরিবর্তন করা হবে।
তার কথায়, ‘আজকে মাননীয় মন্ত্রী (ক্রীড়া প্রতিমন্ত্রী) এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু পরিবর্তন জরুরি। পরিবর্তন করব শুধু পরিবর্তন করার জন্য না। কিছু কিছু ডিজাইন পরিবর্তন করা জরুরি।’
পূর্বাচল স্টেডিয়ামে শুধু ক্রিকেট না, অন্যান্য খেলাধুলাকেও জায়গা দেওয়া হবে এমনটাও ইঙ্গিত দিয়েছেন তামিম। তার কথায়, ‘অনেক বড় একটা প্রোপার্টি। মাননীয় মন্ত্রী বললেন, ক্রিকেটের সঙ্গে সঙ্গে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি যুক্ত করে নিতে পারি তাহলে আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। টাকার দিক থেকে ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তো অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়িত্ব অন্য স্পোর্টসকে দেখাশোনা করা।’
আর নকশা পরিবর্তন নিয়ে তামিম বলেন, ‘যারা আমাদের এটার ডিজাইন করেছেন তাদের সঙ্গে আলোচনা করব। অন্য কারো সঙ্গে যদি কথা বলার দরকার তাদের সঙ্গে আলোচনা করে এনএসসির সঙ্গে মিলে আমরা একটি বড় স্টেডিয়াম করতে চাই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

