ঢাকা প্রিমিয়ার লিগ

অচলাবস্থা কাটায় ক্রিকেটারদের স্বস্তি

স্পোর্টস রিপোর্টার

অচলাবস্থা কাটায় ক্রিকেটারদের স্বস্তি

অ্যাডহক কমিটি গঠনের পরই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দ্রুত মাঠে ফেরানোর ঘোষণা দেন সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনের মাথায় সেই ঘোষণা বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে আলোচনা করে খেলার শুরুর সম্ভাব্য তারিখ চূড়ান্ত করেছেন। সম্ভাব্য ৫ মে থেকে শুরু হবে এবারের প্রিমিয়ার লিগ। সময় স্বল্পতায় এবার সুপার লিগ ছাড়াই আয়োজিত হবে ডিপিএল। আগামী সপ্তাহেই প্রিমিয়ার লিগের দল-বদল করা হবে। প্রিমিয়ার লিগের পাশাপাশি তৃতীয় বিভাগ লিগও দ্রুত মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে বোর্ড।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করছিল। তবে সেখানে অংশ নেয়নি সব দল। ফলে ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ জমেছিল। এমনকি তার সময়ে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়েও ছিল শঙ্কা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বেশ কয়েকবার চেষ্টা করেও সেই সমস্যার সমাধান করতে পারেনি। তবে নতুন বোর্ডের অধীনে শুরুতেই লিগ মাঠে গড়ানোর আশ্বাস পেয়েছেন ক্রিকেটাররা। তাতে তাদের মধ্যে ফিরেছে স্বস্তি।

বিজ্ঞাপন

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আয়ের সবচেয়ে বড় উৎস এই ডিপিএল। ফলে লিগ মাঠে গড়ানোর কোনো আশ্বাস কিংবা সুযোগ না দেখায় দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ক্রিকেটাররা। সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে ক্রিকেটারদের এখন লক্ষ্য রাখছেন মাঠের খেলায় ভালো করা।

লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছেন পেসার রবিউল ইসলাম। গত বছর অগ্রণী ব্যাংকের হয়ে ১৫ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছেন। দারুণ ছন্দে থাকা এই পেসার ডিপিএল মাঠে গড়ানোর খুশিতে বলেন, ‘আমরা ক্রিকেটাররা খেলতে চাই। খেলা বন্ধ থাকুক, এটা কখনোই কাম্য নয়। খেলা মাঠে ফিরবে, এটাই আমাদের জন্য খুশির ব্যাপার।’

তিনি আরো যোগ করেন, ‘ডিপিএল খেলে ক্রিকেটাররা তাদের এক বছরের আয়ের সিংহভাগ আয় করেন। ফলে লিগ বন্ধ থাকলে সেটা ক্রিকেটার এবং ক্রিকেট—দুটির জন্যই ক্ষতিকারক। লিগ মাঠে গড়ালে ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই ভালো হয়।’

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে কোচ হিসেবে কাজ করা ডলার মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ক্রিকেটের উন্নয়নের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য মাসের পর মাস একই বিষয়ে বোর্ড মিটিংয়ের প্রয়োজন পড়ে না। যেটা প্রয়োজন সেটা দ্রুতই পদক্ষেপ নেওয়া যায়। লক্ষ্য একটাই—বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন।’ তার বক্তব্যে স্পষ্ট আমিনুল ইসলাম বুলবুলের আমলে লিগ ও অন্যান্য খেলা মাঠে না গড়ানোয় হতাশ ছিলেন তারা।

তাদের মতো আরো হতাশা প্রকাশ করেছিলেন রাজিন সালেহ, জাকের আলী অনিকসহ জাতীয় দল ও আশপাশে থাকা ক্রিকেটাররা। সবারই দাবি ছিল, যেন দ্রুততম সময়ে প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়। আমিনুল ইসলাম বুলবুলের সময়ে অচলাবস্থা থাকলেও এখন তা নেই। ফলে স্বস্তি নিয়ে এখন মাঠে পারফর্ম করার অপেক্ষায় আছেন ক্রিকেটাররা।

সময় স্বল্পতায় এবার প্রিমিয়ার লিগে হবে না সুপার লিগ। অর্থাৎ, সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এবারের প্রিমিয়ার লিগ। সময় স্বল্পতায় সুপার লিগ মাঠে না গড়ানোর সুযোগ থাকায় কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হারিয়েছেন ক্রিকেটাররা। তবে বাস্তবতা মেনে বিসিবির এই সিদ্ধান্তটা মেনে নিয়েছেন তারা। আপাতত তারা স্বস্তি খুঁজে নিচ্ছেন প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন