আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির স্মৃতি রোমন্থন খালেদ মাসুদ পাইলটের

স্পোর্টস ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির স্মৃতি রোমন্থন খালেদ মাসুদ পাইলটের

২৯ বছর আগের ১৩ এপ্রিল—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক আবেগঘন দিন। ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে কেনিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতি মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বিজ্ঞাপন

নিজের সেই পোস্টে পাইলট লিখেছেন, তিনি গর্বিত যে ওই দলের একজন সদস্য হিসেবে দেশের হয়ে খেলতে পেরেছিলেন। জয়ের পর মাঠের উল্লাস, কোটি মানুষের ভালোবাসা আর দেশে ফেরার পর পাওয়া সংবর্ধনার কথা এখনও তার চোখে ভাসে। তিনি আরও জানান, সেই মুহূর্তগুলো আজও হৃদয়ে গেঁথে আছে এবং শুরু থেকে যারা দলের পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পাইলট লেখেন, '২৯ বছর আগের ১৩ই এপ্রিল—আজকের এই দিনটা। ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে কেনিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয়! আমি গর্বিত, কারণ আমি ছিলাম সেই দলের একজন সদস্য—বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে মাঠে নেমেছিলাম দেশকে গর্বিত করার স্বপ্ন নিয়ে। আজও চোখে ভাসে জয়ের পর মাঠের উল্লাস, দেশের কোটি মানুষের ভালোবাসায় ভেসে যাওয়ার অনুভূতি, আর দেশে ফিরে পাওয়া সেই অবিস্মরণীয় সংবর্ধনা।'

তিনি আরও লেখেন, 'সেই মুহূর্তগুলো আজও হৃদয়ে গেঁথে আছে...আর যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন, আজও যারা বাংলাদেশ ক্রিকেটকে হৃদয়ে ধারণ করেন—আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। দোয়া করবেন, আমরা যেন সবসময় বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে নিজেদের সেরাটা দিতে পারি।'

১৯৯৭ সালের সেই আইসিসি ট্রফি ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক বড় মোড় ঘোরানো অধ্যায়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে কেনিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জেতে বাংলাদেশ। সেই জয়ের মধ্য দিয়েই ১৯৯৯ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ, যা দেশের ক্রিকেটকে নিয়ে যায় এক নতুন উচ্চতায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন