নতুন ভূমিকায় মেসি, কিনলেন স্প্যানিশ ক্লাব

স্পোর্টস ডেস্ক

নতুন ভূমিকায় মেসি, কিনলেন স্প্যানিশ ক্লাব

ফুটবল মাঠের বাইরে নতুন অধ্যায় শুরু করলেন লিওনেল মেসি। স্পেনের কাতালানিয়ার ঐতিহ্যবাহী ক্লাব ইউই কর্নেল্লার মালিকানা কিনে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা, বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত ইউই কর্নেল্লা দীর্ঘদিন ধরেই স্প্যানিশ ফুটবলের প্রতিভা গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই ক্লাবের একাডেমি থেকে উঠে এসেছেন জর্দি আলবা, জাভি পুয়াদো, ডেভিড রায়া ও জেরার্ড মার্টিনের মতো পরিচিত ফুটবলাররা।

বার্সেলোনার সঙ্গে নিজের গভীর সম্পর্ক এবং তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নের লক্ষ্য থেকেই এই উদ্যোগ নিয়েছেন মেসি। তরুণ প্রতিভা গড়ে তোলার আগ্রহ তার নতুন কিছু নয়। গত ডিসেম্বরে মিয়ামিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ‘মেসি কাপ’ আয়োজনের মাধ্যমে সেই ইচ্ছারই বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন তিনি।

এবার সরাসরি একটি ক্লাবের মালিকানা গ্রহণ করে সেই পরিকল্পনাকে আরও বড় পরিসরে বাস্তবায়নের পথে হাঁটলেন আর্জেন্টাইন অধিনায়ক। জানা গেছে, ক্লাবটির উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চান মেসি, যেখানে থাকবে স্থায়িত্ব, আধুনিক কাঠামো এবং শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার বিষয়টি।

মেসির মালিকানায় আসার মধ্য দিয়ে ইউই কর্নেল্লার সামনে খুলে গেল নতুন সম্ভাবনার দুয়ার। ক্লাব কর্তৃপক্ষও আশাবাদী, তার অভিজ্ঞতা ও দূরদর্শিতায় ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক দুই দিকেই ইতিবাচক পরিবর্তন আসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন