২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে ইরান: ট্রাম্প

আমার দেশ অনলাইন

২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ২০ বছরেরও বেশি সময়ের জন্য পারমাণবিক অস্ত্র অর্জন না করার একটি প্রস্তাব দিয়েছে। এ প্রেক্ষাপটে আগামী শনিবার দুই দেশের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। পরে নেভাদার লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, চলমান উত্তেজনা দ্রুতই শেষ হতে পারে বলে তার আশা।

ইসলামাবাদে পূর্ববর্তী বৈঠকে অগ্রগতি না হওয়ার অন্যতম কারণ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য। তবে এখন পরিস্থিতি কিছুটা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে মনে করছেন ট্রাম্প।

তিনি বলেন, একটি চুক্তি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরবে, তেলের দাম কমবে এবং মূল্যস্ফীতিও হ্রাস পাবে। একই সঙ্গে পারমাণবিক ঝুঁকিও কমে আসবে।

ট্রাম্প আরও জানান, ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে তার মতে, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সামরিক চাপ ও অবরোধের ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা উন্নতির দিকে গেছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে সংঘাত তীব্র আকার ধারণ করে। এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের বেশি বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, লেবাননের যুদ্ধবিরতি যদি যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পথ প্রশস্ত করে, তবে তা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রচেষ্টায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: