ইসরাইল, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
রোববার দক্ষিণ তুরস্কে আয়োজিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই জোটকে ঘিরে অঞ্চলটির মুসলিম দেশগুলো উদ্বিগ্ন। খবর মিডল ইস্ট আইয়ের।
ফিদান উল্লেখ করেন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-র সদস্য হওয়া সত্ত্বেও এই জোটে যোগ দিয়েছে গ্রিস। তিনি বলেন, ‘এই জোটের উদ্যোগটি যে আমাদের বিরুদ্ধে নয়, এমন কোনো আশ্বাস আমাদের আগে বা পরে কেউ দেয়নি।’
তিনি আরো বলেন, গত বছর ইসরায়েলে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে গ্রিসের প্রধানমন্ত্রী ও সাইপ্রাসের প্রেসিডেন্টের উপস্থিতিতে দেওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যও উদ্বেগ বাড়িয়েছে।
গত ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘যারা মনে করে তারা আবার তাদের সাম্রাজ্য বা আমাদের ভূমির ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে—তাদের বলছি, সেটা ভুলে যান। এটা কখনোই হবে না।’ যা স্পষ্টতই তুরস্ককে উদ্দেশ্য করে বলা হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

