পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর নতুন প্রস্তাব পুতিনের

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর নতুন প্রস্তাব পুতিনের
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অবহিত করেছেন।

রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়া নিউজ।

বিজ্ঞাপন

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, অঞ্চলের সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে রাশিয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন পুতিন। উত্তেজনা কমানো এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এগিয়ে নিতে মস্কোকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরা হয়েছে।

এতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যে ‘ন্যায্য ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে, যখন বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা একযোগে চলমান এবং আন্তর্জাতিক মহল আঞ্চলিক সংঘাতের প্রভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

রয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে পুতিনের এই ফোনালাপ মধ্যপ্রাচ্যের সংকটগুলোতে রাশিয়ার সক্রিয় ভূমিকা এবং নিজেকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টারই অংশ।

এর আগের ইরানের সঙ্গে দীর্ঘসময়ের আলোচনার পর সংবাদ সম্মেলেনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি, এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। তেহরান ওয়াশিংটনের প্রস্তব প্রত্যাখ্যান করেছে।’

যুক্তরাষ্ট্রের অভিযোগের পর ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরেছে। তবে এখনও ২–৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন