ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করলেও নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করলেও নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করেছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আরাগচি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সংহতি রেখে এবং শান্তি বজায় রাখার স্বার্থে এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির বাকি সময়টুকু এই সুবিধা কার্যকর থাকবে।

ইরানের ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণার পরও দেশটির ওপর আরোপিত নৌ-অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ থাকলেও ইরানের ক্ষেত্রে এই অবরোধ শিথিল করা হবে না।

ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের লেনদেন বা চুক্তি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে।’

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এই প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, চুক্তির বেশিরভাগ পয়েন্ট বা বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা ও সমঝোতা হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এলো যখন হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন আলোচনা ও জোট গঠনের চেষ্টা চলছে। ট্রাম্পের এই অনমনীয় অবস্থান ইঙ্গিত দেয় ইরানের ওপর চাপ অব্যাহত রেখে যুক্তরাষ্ট্র একটি দ্রুত ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায়। এই অবরোধ মূলত ইরানের তেল রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রমকে নিয়ন্ত্রণের লক্ষ্যেই বহাল রাখা হয়েছে।

সূত্র : আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...