যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো শহর কার্যত কঠোর নিয়ন্ত্রণে রাখা হয়েছে। খবর আলজাজিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ বাহিনীর কমান্ডো রয়েছে। বহুস্তরবিশিষ্ট এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্কুল ও অফিস একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে পুরো আয়োজন নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।
রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি এলাকা ‘রেড জোন’-এ প্রবেশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এদিকে, বৈঠকে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছাতে শুরু করেছেন। তবে ঠিক কারা উপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে কী আলোচনা হচ্ছে—এ বিষয়ে পাকিস্তানি কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছেন।
সূত্রগুলো বলছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি কূটনৈতিক মুহূর্ত। দীর্ঘ কয়েক সপ্তাহের প্রচেষ্টার পর এই আলোচনা সম্ভব হয়েছে, যদিও শেষ মুহূর্তে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
প্রথমে বৈঠকটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, লজিস্টিক সমস্যার কারণে তা একদিন পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়েছে।
সরকারি কর্মকর্তারা আশাবাদী, এই আলোচনার মাধ্যমে ইতিবাচক কোনো ফলাফল আসতে পারে, যা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

