ইরানের তেল কিনলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, যেসব দেশ ইরানের তেল কিনছে বা তাদের ব্যাংকে ইরানি অর্থ জমা রয়েছে, তাদের ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামুদ্রিক অবরোধ শুরু হওয়ার পর এই পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া এ অবরোধ এখন সপ্তম সপ্তাহে চলছে।
বেসেন্টের মতে, এই অবরোধের কারণে চীন ইরানের তেল কেনা সাময়িকভাবে বন্ধ করতে পারে। এর আগে ইরান থেকে রপ্তানিকৃত তেলের ৮০ শতাংশেরও বেশি চীন কিনত।
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইতোমধ্যে চীনের দুটি ব্যাংককে চিঠি দিয়েছে। সেখানে সতর্ক করে বলা হয়েছে, তাদের অ্যাকাউন্টের মাধ্যমে ইরানি অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে ওই ব্যাংকগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

