যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় যে ইস্যুতে মতবিরোধ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় যে ইস্যুতে মতবিরোধ
ছবি: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কিছুটা এগোলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, কয়েকটি ক্ষেত্রে সমঝোতা হলেও মূল ইস্যুগুলোতে অগ্রগতি হয়নি, ফলে দ্রুত চূড়ান্ত চুক্তির সম্ভাবনা অনিশ্চিত।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ বলেন, কিছু বিষয়ে আলোচনা এগিয়েছে ঠিকই, কিন্তু এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ফাঁক বিদ্যমান। তার ভাষায়, চূড়ান্ত সমঝোতার কাছাকাছি পৌঁছানো যায়নি।

তিনি আরও বলেন, ইরান ধাপে ধাপে এবং পারস্পরিক প্রতিশ্রুতির ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে চায়। একতরফাভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

গালিবাফ জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ এখনো দূর হয়নি। তবে এসব জটিলতা সত্ত্বেও তেহরান দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী এবং সে লক্ষ্যে তাদের সদিচ্ছা রয়েছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ তাদের প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন সরকার পরিবর্তন কিংবা ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস—কোনোটিই করতে পারেনি।

তিনি আরও বলেন, সামরিকভাবে সফল হতে না পেরে যুক্তরাষ্ট্র এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে। ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যাতে যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো বিবেচনা করতে পারে। তার দাবি, যুদ্ধক্ষেত্রে ইরানই এগিয়ে ছিল বলেই যুক্তরাষ্ট্র এই অবস্থান নিতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বর্তমানে সংঘাত কিছুটা স্থগিত রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন