ডাকাত ধরতে কাদায় আধাকিলোমিটার দৌড়ালেন পুলিশ

আমার দেশ অনলাইন

ডাকাত ধরতে কাদায় আধাকিলোমিটার দৌড়ালেন পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুর্শিদ ওই এলাকার বাসিন্দা চেনু মোল্লার ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় অভিযান পরিচালনা করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি টিম। এ সময় তাকে তার বাড়ির পাশের ধানক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মুর্শিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ তিনটি মামলা চলমান রয়েছে। 

ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী রেজা মামুন বলেন, ‘আমরা সব সময়ই চাই সর্বোচ্চটা দিতে। এরই ফলস্বরূপ আধাকিলোমিটারের বেশি দৌড়ে গিয়ে ডাকাত মুর্শিদকে আটক করা হয়।

তাকে ধরতে গেলে সে জমিতে নেমে যায়। আমরা পাঁচজন পুলিশও তাঁর পিছে দৌড়াতে থাকি। কর্দমাক্ত জমি হওয়ার সবার শরীর কাদামাখা হয়ে যায়।’

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘মুর্শিদ খুব সুঠামদেহী।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরার জন্য অভিযান চালানো হয়। এ সময় সে দৌড়ে বিলের জমিতে নেমে যায়। পুলিশও তাকে ধাওয়া করে ধরে ফেলে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন