প্রশাসনিক অনুমোদন না থাকায় হাম কর্নার চালু হয়নি ওসমানীনগরে

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

প্রশাসনিক অনুমোদন না থাকায় হাম কর্নার চালু হয়নি ওসমানীনগরে

সিলেটের ওসমানীনগর উপজেলায় বর্তমানে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। গত মার্চের শেষ থেকে এ পর্যন্ত ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৪ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুইজনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) পাঠানো হয়েছে এবং বাকি দুইজনের নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কারও শরীরে হাম শনাক্ত হয়নি। এছাড়া হামের উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যুর খবরও পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোতে পৃথক ‘হাম কর্নার’ চালুর নির্দেশনা থাকলেও ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখনও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পায়নি। ফলে সেখানে আলাদা হাম কর্নার চালু করা সম্ভব হয়নি। তবে সংক্রমণ প্রতিরোধে সন্দেহভাজন রোগীদের জন্য চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ এপ্রিল হাম ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে এবং এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে উপজেলায় হামের উপসর্গযুক্ত রোগীদের নমুনা সংগ্রহ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় হামের তুলনায় সাধারণ রোগীর চাপ বেশি। সংক্রমণের ঝুঁকি কম থাকায় অনেক ক্ষেত্রে অন্যান্য রোগীদের প্রতিদেনর মতো আউটডোরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা কাশি ও হাঁচির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই হামে আক্রান্ত বা উপসর্গযুক্ত শিশুদের অবশ্যই আলাদা রাখতে হবে। অন্য শিশুদের সঙ্গে মেলামেশা করলে সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল আহসান এ বিষয়ে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

এদিকে ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা সহজ ও সুলভ করতে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালু করা হয়েছে। এই সেবাকেন্দ্রের মাধ্যমে বয়স্করা একই স্থানে দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ পাচ্ছেন, ফলে তাদের ভোগান্তি অনেকটাই কমেছে। চলতি বছরের ১৫ জানুয়ারি সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন