তিতাস নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

তিতাস নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়। রোববার সকালে শিশু মাহবুব এবং বিকেলে শিশু মারিয়ার লাশ নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করে।

এর আগে শনিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার শ্রীমদ্দি গ্রামের গাঙকূল বাড়ির ঘাট থেকে শিশু মারিয়া (১১) ও এর পাঁচশ গজ দূরবর্তী কান্ধা ঘাট থেকে শিশু মাহবুব (৯) নিখোঁজ হয়।

বিজ্ঞাপন

ঈদের ছুটিতে মাহবুব তার নানার বাড়ি ও মারিয়া আক্তার তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল।

নিখোঁজের পর থেকেই তাদের আত্মীয়স্বজন, প্রতিবেশী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে শনিবার শিশু দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এর একদিন পর রোববার চরের গাঁও সংলগ্ন তিতাস নদীতে শিশু মাহবুবের লাশটি ভেসে উঠে। পরে উদ্ধারকর্মীরা লাশটি তুলে আনেন। মাহবুব নরসিংদী জেলার রায়পুর উপজেলার বিল্লাল মিয়ার ছেলে। অপরদিকে একই দিন বিকেল পাঁচটার দিকে শিশু মারিয়া আক্তারের লাশটিও ভেসে উঠলে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল আলম জানান, শনিবার থেকেই আমরা নিখোঁজ দুই শিশুকে আমাদের ডুবুরিদের সহায়তায় খুঁজছি। এর মধ্যে রোববার সকালে শিশু মাহবুবের লাশটি ভেসে উঠলে তাকে উদ্ধার করেছি। অপর নিখোঁজ শিশু মারিয়ার ভাসমান লাশটি বিকাল পাঁচটার দিকে নদী থেকে উদ্ধার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় নদীতে নিখোঁজ শিশু মাহবুব ও মারিয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কারও অভিযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন