ফেনীতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা

এস এম ইউসুফ আলী, ফেনী

ফেনীতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা
প্রতীকী ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর ফেনীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। দখল, চাঁদাবাজি, কৃষিজমির মাটি ব্যবসা, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে দলটির ভেতরেই সমালোচনা শুরু হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে হত্যা, সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো সহিংসতা বেড়েছে। ফলে প্রশাসনও পড়েছে অস্বস্তিতে।

সবশেষ গত শুক্রবার রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামে শর্শদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ফেনী আলিয়া মাদরাসা ছাত্রদলের আহ্বায়ক সাইফুদ্দিন শিবলুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায়বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ, যুবদল নেতা মানিক অপু ও তাদের অনুসারীরা ওই বাড়িতে গিয়ে প্রথমে ফাঁকা গুলি করে এবং পরে শিবলুর বাড়িতে ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আরফানের আট ভাইয়ের মধ্যে দুজন মোরশেদ ও বাপ্পি চব্বিশের আগস্টে মহিপালে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনরত ছাত্রহত্যা মামলার আসামি। তারা বন্দুকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়। আর আরফান স্বেচ্ছাসেবক দলের পদ পান বিদেশে অবস্থান করেই।

এদিকে দাগনভূঞায় এক প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা আবু তাহের কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন ফেনী-৩ আসনের সংসদ সদস্যের হটলাইনে অভিযোগ করেন ওই ভুক্তভোগী।

এছাড়া ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে দোকান নির্মাণ করছিলেন স্থানীয় আবুল বাশার নামে একজন। স্থানীয় যুবদল নেতা সালাউদ্দিন এর প্রতিবাদ করলে দখলবাজের পক্ষে অবস্থান নিয়ে বিরোধে জড়ান ইউনিয়ন বিএনপি আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু। এর জেরে গত মঙ্গলবার দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর সালাউদ্দিনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমান ও রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহাদ ইফতুর মাটি কাটা ও মাদক বিক্রির অডিও কথোপকথন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এর জেরে নোমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে ওই ফোনকলে ইফতু নিজেকে ইয়াবা বিক্রেতা দাবি করলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান অনেকে।

এদিকে ইফতুকে আত্মস্বীকৃত মাদক কারবারি এবং মাটিখাদক আখ্যা দিয়ে তার নিজ গ্রাম ইলাশপুরের জনগণ মিছিল ও মানববন্ধন করে। অপরদিকে নোমানকে বহিষ্কারের পর ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাহমুদুল হাসানকে। তার বিরুদ্ধেও মাটি ব্যবসার অভিযোগ রয়েছে।

তাছাড়া সদর উপজেলা মৎস্যজীবী

দলের আহ্বায়ক আবু ইউছুফ পাঁচগাছিয়া ইউনিয়নের বগৈড় গ্রামে অন্যের পুকুর থেকে মাছ লুটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাঁচগাছিয়ায় চাঁদা না দেওয়ায় মোহাম্মদ আজাদ নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা রিসাল হোসেনের বিরুদ্ধে। প্রতিবাদে ফেনী-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

অন্যদিকে শহরের সদর হাসপাতাল মোড়ে ফেনী সরকারি কলেজের জায়গা দখল নিয়ে বিএনপির কয়েকটি গ্রুপ মুখোমুখি অবস্থানে আছে। এ নিয়ে দোকানপাটে হামলা-ভাঙচুর হয়েছে একাধিকবার। ঘর নির্মাণের সময় চাঁদা দাবি করার অভিযোগে ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে শোকজ নোটিস দিয়েছে দল।

তার আগে গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম ইপিজেড থেকে চুরি হওয়া একটি ট্রাকের খণ্ডবিখণ্ড যন্ত্রাংশ উদ্ধার করা হয় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেনের বাড়ি থেকে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জেলার ছাগলনাইয়ায় কৃষিজমির মাটি ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে হোনা মিয়া নামে যুবদলের এক নেতা নিহত ও পাঁচজন আহত হন।

সোনাগাজী উপজেলায়ও দখল আর চাঁদাবাজির অভিযোগ কম নেই। সদর উপজেলার ফাজিলপুর জিন্না উচ্চ বিদ্যালয়েরর সাবেক প্রধান শিক্ষক আজিজুল হকের বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহসভাপতি জ্যাকসনের বিরুদ্ধে।

একই ইউনিয়নে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে ফেসবুক লাইভ করায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ভূঞা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমকি দেন অপর যুবদল নেতা মোজাম্মেল হোসেন সোহাগকে।

এর আগে ফেনী পৌরসভার প্রধান প্রকৌশলী জাকির হোসেনকে নিজ দপ্তরে মারধর করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ। এছাড়া পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে আটকে দেওয়ারও অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে।

এদিকে ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। তিনি নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের দেওয়া বরাদ্দ ও সুযোগ-সুবিধা সঠিকভাবে বণ্টন হয়নি বলে অভিযোগ করেন। আগামীতে সরকারি অনুদান সঠিকভাবে বণ্টন না হলে স্ব-স্ব ইউনিয়নকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানান বকুল।

নিজ সংগঠনের নেতাকর্মীদের এমন বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। বিতর্কিত কাণ্ডের কারণে এরই মধ্যে কজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদল আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, কে কার অনুসারী; সেটি বিবেচ্য বিষয় নয়, সংগঠনবিরোধী কাজে জড়ালে সে যে-ই হোক, শাস্তি পেতে হবে। কারো অপকর্মের দায় যুবদল নেবে না বলেও জানান তিনি। এ ব্যাপারে প্রশাসনকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান এই যুবদল নেতা।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অনেকে ৫ আগস্টের পর বিএনপিতে নানাভাবে ঢুকে বিশৃঙ্খলা করছে।

ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এখানে দলীয় পরিচয় নয়, অপরাধ বিবেচনা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...