১৫ দিনে ৪ রোহিঙ্গা পা বিচ্ছিন্ন

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১
ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে বিস্ফোরণে মোহাম্মদ ইউনুছ (২৬) নামের এক রোহিঙ্গা যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৭ দিনের ব্যবধানে উখিয়ার বালুখালী ও পালংখালী সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্তত ৪ জন রোহিঙ্গা পা হারিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিআরএম-১৯ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানে আগে থেকেই স্থলমাইন পুঁতে রাখা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল। মাঝে মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। জীবিকা নির্বাহ বা মাছ ধরার জন্য অনেকেই ঝুঁকি নিয়ে সীমান্তবর্তী এলাকায় যাতায়াত করেন, যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

আহত ইউনুছ উখিয়ার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-২ ব্লকের বাসিন্দা সবুর হকের ছেলে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। সীমান্ত এলাকায় আমাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন