টাঙ্গাইলের বাসাইলে ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির অপর একটি অংশ।
মঙ্গলবার দুপুরে বাসাইল উপজেলা সদরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ-সমাবেশ করে। এ সময় তারা কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানকে যেকোনো মূল্যে বাসাইলে প্রতিহত করার ঘোষণা দেন।
একই সঙ্গে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচি চলাকালে দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১১ মে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়। এতে দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও কারাভোগকারী নেতাদের বাদ দিয়ে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী দোসরদের দিয়ে পকেট কমিটি গঠন করেছেন। অবিলম্বে এ কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, বাসাইল থানায় বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আরুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

