বটিয়াঘাটায় মোটরসাইকেলে এসে গুলিবর্ষণ, যুবদল নেতা আহত

খুলনা ব্যুরো

বটিয়াঘাটায় মোটরসাইকেলে এসে গুলিবর্ষণ, যুবদল নেতা আহত
ছবি: আমার দেশ

খুলনার বটিয়াঘাটা উপজেলায় মোটরসাইকেলে এসে সোহেল পারভেজ (৩৬) নামের এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর এক হাতে একটি ও পেটে দুটি গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খারাবাদ বাইনতলা বড় কুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহেল পারভেজ বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে সোহেল পারভেজকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

সোহেল পারভেজ বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের বাসিন্দা গনি শেখের ছেলে।

গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, দুর্বৃত্তদের গুলিতে সোহেল নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা তাঁর জানা নেই বলে জানান ওসি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন