বিএনপি নেতার হাত থেকে সুরক্ষা চেয়ে ব্যাংক কর্মকর্তার জিডি

খুলনা ব্যুরো

বিএনপি নেতার হাত থেকে সুরক্ষা চেয়ে ব্যাংক কর্মকর্তার জিডি
বহিষ্কৃত বিএনপি নেতা এনামুল হক

খুলনার পাইকগাছায় বিএনপি নেতার হাত থেকে সুরক্ষা চেয়ে থানায় জিডি করেছেন মোশারফ হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তা। তিনি অগ্রণী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। গত বুধবার রাতে তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হকের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে এই জিডি করেন।

ভুক্তভোগী মোশারফ জানান, পূজার ছুটিতে বাড়ি গিয়ে বুধবার বিকালে স্থানীয় আমুরকাটা শিবসা নদীতে নৌকাবাইচ দেখতে যান তিনি। তার সঙ্গে শিশু কন্যা, ভাতিজি ও স্থানীয় তিন বন্ধু এক ট্রলারে ছিলেন। বাইচের একপর্যায়ে স্থানীয় জেলের একটি নৌকা বাইচের রুটে চলে এলে প্রতিযোগিতার প্রধান আয়োজক সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক তার ট্রলারের মাইকে অশ্রাব্য ভাষায় ওই নৌকার জেলেদের গালিগালাজ করতে থাকেন।

বিজ্ঞাপন

নানা বয়সী নারী, শিশু ও মুরুব্বিরা সেখানে থাকায় এনামুলকে গালিগালাজ না করতে অনুরোধ করেন মোশারফ। এতে এনামুল ক্ষিপ্ত হয়ে মোশারফের ট্রলারে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। এ সময় তার মেয়ে ও ভাতিজি আতঙ্কে চিৎকার করতে থাকে। পরে তাকে নদী থেকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় জিডি করেন।

জানা গেছে, এনামুল পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর সম্প্রতি তাকে বহিষ্কার করে বিএনপি। কিন্তু তার প্রভাব আছে আগের মতোই, এখনো তিনি দলটির দাপুটে নেতা হিসেবেই এলাকায় পরিচিত। এমনকি তাকে বহিষ্কার করলেও তার শূন্য পদে কাউকে দায়িত্ব দিতে পারেননি শীর্ষ নেতারা।

ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করে এনামুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। মোশারফকে আমি চিনি না। তার সঙ্গে পরিচয় নেই। বাইচের নৌকার সামনে অনেক সময় দর্শকদের ট্রলার চলে এসে বিশৃঙ্খলা তৈরি করে। তখন স্বেচ্ছাসেবকরা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সে সময় কিছু হয়েছে কি না জানা নেই।

পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জিডির তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...