মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ
ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলা উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে অন্তত ১৭ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। হঠাৎ করে শিশুদের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, আক্রান্ত শিশুদের বেশিরভাগ বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। অনেক শিশুই নিয়মিত টিকা গ্রহণ করেনি, যার ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে। তিনি বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা না নিলে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।”

বিজ্ঞাপন

ডা. শাহীন আরও জানান, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নতুন করে সংক্রমণ ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।” এছাড়া, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

তিনি সতর্ক করেছেন, জ্বর, কাশি, সর্দি বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজন। আক্রান্ত শিশুদের বেশি করে তরল খাবার খাওয়ানো, ছায়া ও ঠান্ডা স্থানে রাখা এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

ডা. শাহীন আরও বলেন, যেসব শিশুর বয়স দুই বছর হয়েছে, তাদেরকে হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।

এদিকে, আক্রান্ত এক শিশুর অভিভাবক রাবেয়া বেগম বলেন, ‘প্রথমে হালকা জ্বর ছিল, পরে শরীরে ফুসকুড়ি দেখা দেয়। আমরা বিষয়টি গুরুত্ব না দিলেও অবস্থা খারাপ হলে চিকিৎসকের কাছে নিয়ে যাই। এখন খুব দুশ্চিন্তায় আছি।”

আরেক ভুক্তভোগী মো. সোহেল খান বলেন, ‘হঠাৎ করে আমাদের এলাকায় অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত সরকারি সহায়তা চাই।’

স্থানীয়রা অভিযোগ করেছেন, কিছু এলাকায় টিকাদান কার্যক্রমে অনিয়ম ও সচেতনতার অভাব রয়েছে। তারা দ্রুত স্বাস্থ্য বিভাগের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগও সতর্ক করে বলেছেন, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...