কুষ্টিয়ায় মুছে ফেলা হচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় মুছে ফেলা হচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

ফ্যাসিস্ট হাসিনার ভারতে পালানোর পর কুষ্টিয়া শহরের দেয়ালে-দেয়ালে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে। ব্যক্তি মালিকানার দেয়ালে থাকলেও সরকারি বাসভবনের দেয়ালে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলেছেন এক কর্মকর্তা। তিনি সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল করিম মোবাইলে ফোন দিলে মিটিং এ আছেন জানিয়ে পরে ফোন দিতে বলেন। দেড়ঘণ্টা পর ফোন দিলে রিসিভ করেননি তিনি। পরে আমার দেশের পক্ষে খুদে বার্তা ও তার অফিশিয়াল ইমেইলে বার্তা পাঠালেও উত্তর দেননি তিনি।

সড়ক বিভাগের একটি সূত্র জানিয়েছে, নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল করিম নিরাপত্তার অজুহাতে তার বাড়ির দেওয়াল উঁচু করেছেন। আর এই সুযোগে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি মুছে ফেলেছেন।

সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, কুষ্টিয়া পৌরসভার দেয়ালে জুলাই বিপ্লবের গ্রাফিতি অবিকল রয়েছে, রাস্তার ওপারে দুটি সরকারি বাসভবন। একটিতে থাকেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও অন্যটিতে গণপূর্ত বিভাগের নিবাহী প্রকৌশলী। দুটি বাড়ির সীমানা প্রাচীর আগে একই উচ্চতায় ছিল। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তার বাসার দেয়াল আরো উঁচু করেছেন। এটা করার সময় তিনি তার সরকারি বাসভবনের দেয়ালে আঁকা গ্রাফিতি মুছে ফেলেছেন। তবে বাড়িটির নাম ফলক আগের মত অস্পষ্ট রেখেছেন তিনি। এই কর্মকর্তার বাড়ির দেয়াল যত উঁচু করা হয়েছে, তত উঁচু দেয়াল জেলা প্রশাসক বা পুলিশ সুপারের বাসভবনেও নেই।

অপরদিকে, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাড়ির পাশের গণপূর্ত বিভাগের নিবাহী প্রকৌশলীর বাড়ির দেয়ালের গ্রাফিতি এখনো রয়েছে।

এ ব্যাপারে জুলাই বিপস্নবের যোদ্ধা ও নাগরিক কমিটি কুষ্টিয়ার সদস্য আলী মুজাহিদ আমার দেশকে বলেন, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তাদের দেয়ালে আঁকা গ্রাফিতি মুছতে পারেন। কিন্তু জুলাই বিপ্লবের ১০ মাসের মধ্যেই ফ্যাসিস্ট বিরোধী সরকারি ভবনের দেয়ালে আঁকা গ্রাফিতি মুছে ফেলা কাম্য নয়। ফ্যাসিস্টের সহযোগীরাই এই কাজ করতে পারে।

তিনি আরো বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করবো।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি আপনার কাছে জানতে পারলাম। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে মন্তব্য করতে পারবো।

সরকারি ভবনের দেয়ালে আঁকা গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে কুষ্টিয়া জেল প্রশাসক তৌফিকুর রহমান আমার দেশকে বলেন, উনার (নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল করিম) কাছে গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে জিজ্ঞাসা করেন, আমি এর জবাব দিতে পারবো না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...