কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরের চৌগাছা উপজেলায় শত্রুতার জেরে এক কৃষকের পটল ক্ষেত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কৃষক দুঃখু মিয়ার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে দুঃখু মিয়া বর্গা জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। চলতি মৌসুমে তিনি কৈবিলার মাঠে প্রায় ১ বিঘা জমিতে পটলের আবাদ করেন। ওই ক্ষেত থেকে প্রতিদিন ৬ থেকে ৭ মণ পটল বিক্রি করতেন তিনি।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে দুর্বৃত্তরা তার ফলন্ত পটল ক্ষেতে ঢুকে দা ও কাঁচি দিয়ে গাছ কেটে সাবাড় করে দেয়। ভোরে ক্ষেতে গিয়ে বিষয়টি দেখতে পান দুঃখু মিয়া। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল এবং তারা বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল।

এ ঘটনায় তিনি বড়খানপুর গ্রামের মইনুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৩) ও মৃত আবুল কাশেমের ছেলে কামাল হোসেনকে অভিযুক্ত করে চৌগাছা থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক দুঃখু মিয়া বলেন, “ফলন্ত পটল গাছ কেটে দেওয়ায় আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন পথে বসে গেছি।”

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুশব্বির হোসেন বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা এসআই শারমিন জানান, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন