নেত্রকোনার মদনে ৬০০ পিস ইয়াবাসহ জাহান মিয়া (২৭) ও লিজন মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার জাহান মিয়া ও লিজন মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহান মিয়া ও লিজন মিয়া সহোদর ভাই। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল। এ সময় তাদের ঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন, ১২টি সিমকার্ড এবং ৩টি মেমোরি কার্ড জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনার হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের ইন্সপেক্টর আল আমিন জানান, বুধবার রাতে সহোদর জাহান ও লিজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঘর থেকে ইয়াবাসহ নগদ টাকা, মোবাইল ফোনসহ তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের বিরুদ্ধে আদালতে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

