শাটডাউনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অচল ক্যাম্পাস

রাবি প্রতিনিধি

শাটডাউনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অচল ক্যাম্পাস

পোষ্য কোটা ইস্যু, কমপ্লিট শাটডাউন, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীর মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য, প্রক্টরসহ শিক্ষকদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। অন্যদিকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।

বিজ্ঞাপন

এতে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস পরীক্ষা একযোগে বন্ধ রয়েছে।

এছাড়া আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও গতকাল নির্বাচন কমিশনের সদস্যরা বৈঠকের পর জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা যথাসময়ে নির্বাচন করতে চান। এরপরও তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে গতকাল থেকেই অনেক শিক্ষার্থী বাসায় চলে যাচ্ছেন। আজ সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান দুটি গেটে বাড়িমুখী শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। এমন পরিস্থিতিতে প্রার্থীরাও নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন।

এ বিষয়ে কথা হয় ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের সঙ্গে। তিনি বলেন, ‘পোষ্য কোটা বাতিল ও ২৫ সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে আমরা অনড় আছি। কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা যদি নির্বাচনে সহযোগিতা না করেন, তাহলে নির্বাচন করা খুবই কষ্টকর হবে। ২০ তারিখের ঘটনায় সব প্যানেলের প্রচার-প্রচারণায় ভাটা পড়েছে। অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণেই উৎসবমুখর পরিবেশ নষ্ট হচ্ছে। এ জন্য প্রশাসনকে শিক্ষার্থীদের পালস বুঝে কাজ করতে হবে।’

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপিপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, ‘আমরা পোষ্য কোটা বাতিলের পক্ষে। কিন্তু গুটি কয়েক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বেশি তৎপর, তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতিতে ঝড়ঝাপটা বেড়ে গেছে। হলে হলে খোঁজ নিয়ে দেখেন, অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। এই মুহূর্তে জানি না, নির্বাচন হবে কিনা। তবে আমি নির্বাচন না হওয়ারই সম্ভাবনা বেশি দেখছি। সেক্ষেত্রে ছাত্রদলের চাওয়া পূজার ছুটির পরেই নির্বাচন হোক।’

‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের ভিপিপ্রার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘এই পরিস্থিতিতে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। আর পোষ্য কোটা নিয়ে প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।’

রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান বলেন, বর্তমানে ক্যাম্পাসে স্থিতিশীল পরিস্থিতি নেই। প্রশাসন যদি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাহলে ২৫ তারিখেই রাকসু হোক। পরিস্থিতি স্বাভাবিক না করে রাকসু দিলে সেটার আমরা বৈধতা দেবো না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন