সুনামগঞ্জে হাম-রুবেলার টিকা পাবে সাড়ে ৩ লাখ শিশু। ২০ এপ্রিল থেকে শুরু হবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। তিন সপ্তাহব্যাপী এই কার্যক্রমে জেলার ১২ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুসহ শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
রোববার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।
সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার রাজেশ সিংহের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় মোট ৩ লাখ ৫৩ হাজার ৩৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে সদর উপজেলার ২৫০ শয্যা হাসপাতালসহ ১১টি স্থায়ী কেন্দ্র এবং ২ হাজার ১৬৬টি অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
টিকাদান কার্যক্রমে ২৭৮ জন টিকাদানকারী ও ৫৪৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। জেলার ২৭৩টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এ সময় তারা বলেন, টিকা নিয়ে কোনো ধরনের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। নির্ধারিত সময়ে শিশুদের টিকা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

