হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটাল

আমার দেশ অনলাইন

হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটাল

হজগামী ধর্মপ্রাণ মুসল্লিদের সুস্থতা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবার উদ্যোগ নিয়েছে ইউনাইটেড হেলথকেয়ারের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। এ লক্ষ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

১০০ ফিটের মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোগে গড়ে তোলা এই স্বাস্থ্যকেন্দ্র থেকে হজযাত্রীরা বিমানবন্দর প্রাঙ্গন থেকেই সরাসরি চিকিৎসাসেবা নিতে পারবেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া ফ্লাইটে ওঠার আগে যাত্রীরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করার সুযোগ পাবেন, যা নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে দীর্ঘ ভ্রমণের আগে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট শুরু হওয়ার দিন থেকে শেষ ফ্লাইট পর্যন্ত এই স্বাস্থ্যসেবা কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা থাকবে। ফলে যাত্রীরা যেকোনো সময় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন