ঢাক আর ঢোলের বাদ্য ছাড়া পহেলা বৈশাখ উদযাপন যেমন জমে না, তেমনি বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান, তার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’।
আজ থেকে দীর্ঘ ১৮ বছর আগে প্রকাশিত এই গান ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনও। পহেলা বৈশাখ এলেই নতুন প্রাণ নিয়ে যেন গানটি ফিরে আসে, মুখে মুখে ফেরে গানটি। বাজতে থাকে বড় বড় আয়োজনে। এবার নতুন আয়োজনে গানটি এই প্রজন্মের শ্রোতাদের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা গানচিল।
নতুন এই সংগীতায়োজনে যুক্ত রয়েছেন গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। নতুন করে তৈরি এই সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিওচিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানান তিনি।
নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন। তাঁর সঙ্গে রয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্ণিয়া। গানটির কথা লিখেছেন কবির বকুল। রাজধানীর তিনশ’ ফিটে ইতিমধ্যে নতুন গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। আর তা নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
ইমন বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক গানটি কতটা শ্রোতাপ্রিয়—তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে নিজের করে নেবে।’
আগামীকাল ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

