দেশে হাম পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত তিন সপ্তাহেরও কম সময়ে হামের উপসর্গে মোট ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২১ শিশু এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে আরও ১২৮ শিশুর।
এরমধ্যে গত ৬ এপ্রিল সকাল ৮টা থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে ১০ শিশু সন্দেহজনক এবং ১ শিশু নিশ্চিত হামে আক্রান্ত ছিল।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন সন্দেহজনক এবং ১ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন। এই একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪১ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৮৮৩ জন সন্দেহজনক এবং ১ হাজার ৩৯৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে সর্বমোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে ২১ জন নিশ্চিত হামে ও ১২৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী ও ঢাকা বিভাগে সংক্রমণের তীব্রতা ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। রাজশাহীতে এ পর্যন্ত সর্বোচ্চ ৫৮ শিশু এবং ঢাকা বিভাগে ৫১ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
এছাড়া চট্টগ্রামে ১০ শিশু, খুলনায় ৬ শিশু, বরিশালে ২ শিশু এবং সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে । বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে মোট ৬ হাজার ৮৮৩ শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৬৩৫ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

