৬৩৪ খ্রিষ্টাব্দের জুলাই মাস। আরবের তপ্ত মরুভূমি থেকে উত্থিত ধূলিঝড় যেন সে সময় ফিলিস্তিনের সবুজ-শ্যামল উপত্যকার বুকে এসে প্রবল আলোড়ন তুলেছিল। মধ্য ফিলিস্তিনের এক অখ্যাত প্রান্তর—আজনাদাইন মুহূর্তের মধ্যেই রূপান্তরিত হয়েছিল বিশ্ব ইতিহাসের এক যুগান্তকারী রণাঙ্গনে। এখানেই মুখোমুখি দাঁড়িয়েছিল দুই ভিন্ন জগতের দুই শক্তি; একদিকে হেরাক্লিয়াসের অধীনে বহু শতাব্দী ধরে প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের গৌরব, ঐশ্বর্য ও সামরিক অহংকার, অন্যদিকে মরুপ্রান্তরে গড়ে ওঠা মুসলিম বাহিনীর অবিচল ঈমান, শৃঙ্খলা এবং দুর্দমনীয় রণকৌশল।
আগের পর্বগুলোয় আমরা আলোচনা করেছি কীভাবে আবু বকর (রা.)-এর দূরদর্শী নেতৃত্বে চারটি পৃথক মুসলিম বাহিনী শামের সীমান্তজুড়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। বিচ্ছিন্ন এই বাহিনীগুলো প্রথমদিকে সীমিত পরিসরে লড়াই করলেও একটা সময় গিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল। তখন ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার মতো অসাধারণ সামরিক কৌশল—ইরাকের রণক্ষেত্র থেকে বজ্রগতিতে অগ্রসর হয়ে খালেদ ইবনে ওয়ালিদের আগমন শামের ভূমিতে মুসলিম বাহিনীকে রুহানি শক্তিতে উজ্জীবিত করেছিল। তার নেতৃত্বে বিচ্ছিন্ন শক্তিগুলো একত্র হয়ে পরিণত হয়েছিল একটি সুসংগঠিত, দুর্বার ও কার্যকর যুদ্ধশক্তিতে—যেন পৃথক স্রোতোধারা মিলিত হয়ে এক প্রবল মহাস্রোতে রূপ নিয়েছে।
এ পর্যায়ে এসে পরিস্থিতি আর শুধু সীমান্তবর্তী ছোটখাটো সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ রইল না। আজনাদাইনের প্রান্তর তখন এক বৃহৎ, সুপরিকল্পিত ও নির্ণায়ক যুদ্ধের সামনে দাঁড়িয়ে ছিল। ইতিহাস যেন নিঃশ্বাস রুদ্ধ করে অপেক্ষা করছিল—এই যুদ্ধের ফল শুধু একটি লড়াই নয়, বরং নতুন যুগের সূচনা করবে।
মুখোমুখি সংঘাতের আগে
বুসরা পতনের পর বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রশাসনিক ও সামরিক কাঠামোয় প্রবল কম্পন অনুভূত হলো। সম্রাট হেরাক্লিয়াস তখন হিমসে অবস্থান করে পরিস্থিতির ভয়াবহতা পর্যবেক্ষণ করছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, এই নবাগত যোদ্ধারা শুধু সাধারণ লুটেরা দল নয়, বরং তারা একটি সুসংগঠিত রাষ্ট্রশক্তির প্রতিনিধি। হেরাক্লিয়াস তার ভাই থিওডোর এবং অভিজ্ঞ আর্মেনীয় জেনারেল ভারদানের নেতৃত্বে এক বিশাল বাহিনী গড়ে তোলার নির্দেশ দিল। এই বাহিনীর মূল লক্ষ্য ছিল মুসলিম অগ্রযাত্রাকে রুদ্ধ করা এবং তাদের মরুভূমিতে ফেরত পাঠানো।
আজনাদাইনের প্রান্তরে যখন বাইজেন্টাইন বাহিনী সমবেত হতে শুরু করল, তখন বাতাসের উত্তাপ যেন কয়েক গুণ বেড়ে গেল। রোমানরা তাদের অত্যাধুনিক ও দীর্ঘ পাল্লার তিরন্দাজ এবং সুশৃঙ্খল পদাতিক বাহিনীর শক্তি নিয়ে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলে। তাদের কৌশল ছিল অত্যন্ত পরিষ্কার—মুসলিমদের বড় ধরনের সম্মুখ-সমরে প্রলুব্ধ করা এবং সংখ্যার আধিক্য দিয়ে তাদের পিষে ফেলা।
অন্যদিকে খালিদ ইবনে ওয়ালিদের পাঠানো গোয়েন্দারা শত্রুপক্ষের বিপুল সৈন্য সমাবেশের নির্ভরযোগ্য সংবাদ নিয়ে উপস্থিত হলো। অল্পসময়ের মধ্যে তিনি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করলেন। তিনি বুঝতে পারলেন, এটি আর বিচ্ছিন্ন সংঘর্ষের পর্যায়ে নেই, বরং সুসংগঠিত ও সিদ্ধান্তমূলক মোকাবিলার সময় হয়ে এসেছে। তাই কোনো বিলম্ব না করে তিনি বাহিনীকে আজনাদাইনের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। সেনাপতির নির্দেশ পেয়ে সমগ্র মুসলিম বাহিনী সচল হয়ে উঠল।
সে সময় মুসলিম বাহিনীগুলো শামের বিস্তীর্ণ ভূখণ্ডে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিল—কোথাও ক্ষুদ্র সংঘর্ষে লিপ্ত ছিল, কোথাও প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল। কিন্তু খালিদের দৃঢ় ও সুস্পষ্ট নির্দেশ পৌঁছাতেই দৃশ্যপট দ্রুত পাল্টে যেতে লাগল। বিচ্ছিন্ন দলগুলো একই কেন্দ্রবিন্দুর দিকে অগ্রসর হতে শুরু করল। প্রতিটি ইউনিট নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে এসে একত্র হতে লাগল।
অল্পসময়ের মধ্যে মুসলিমদের বিচ্ছিন্ন শক্তি একত্র হয়ে গড়ে তুলল এক সুশৃঙ্খল, সংহত ও শক্তিশালী বাহিনী। এটি শুধু সৈন্য সমাবেশ ছিল না; বরং ছিল প্রখর নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নিখুঁত সমন্বয়ের এক অনন্য দৃষ্টান্ত। সেনাপতি খালিদ অতুলনীয় দক্ষতায় বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা শক্তিকে মুহূর্তের মধ্যেই একীভূত করে শত্রুদের মোকাবিলা করার জন্য শক্তিশালী বাহিনী গড়ে তুলতে পেরেছিলেন। সামরিক ইতিহাস আলোচনায় এই পুনর্গঠন নিঃসন্দেহে এক বিস্ময়কর অধ্যায়।
দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠল। চারদিকে টানটান উত্তেজনা বিরাজ করতে লাগল। রোমান শিবিরে ছিল আভিজাত্যের দম্ভ আর মুসলিম শিবিরে ছিল শাহাদতের তামান্না। মুসলিম যোদ্ধারা দেখলেন, দিগন্ত আচ্ছাদিত করে ফেলা রোমান বাহিনী তাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তখন তাদের মনে ভয়ের পরিবর্তে এক ধরনের আত্মিক প্রশান্তি ছড়িয়ে পড়ল। খালিদ ইবনুল ওয়ালিদ ঘোড়ায় চড়ে বিভিন্ন ইউনিট পরিদর্শন করছিলেন এবং সৈন্যদের মনোবল চাঙা রাখছিলেন। তিনি জানতেন, এই একটি যুদ্ধই ঠিক করে দেবে শামের ভবিষ্যৎ গতিপথ। দুই বাহিনীর মধ্যবর্তী দূরত্ব যখন মাত্র কয়েক মাইল, তখন রণক্ষেত্রের স্তব্ধতা যেন এক আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। এই পরিস্থিতি শুধু সামরিক শক্তির পরীক্ষা ছিল না, বরং তা ছিল পতোন্মুখ ও উদীয়মান দুই বিশ্বব্যবস্থার প্রত্যক্ষ সংঘাত।
সিসাঢালা প্রাচীর
আজনাদাইনের যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব ছিল একটি নিখুঁত সামরিক কাঠামোর ওপর ভিত্তি করে দাঁড়িয়ে। খালিদ ইবনুল ওয়ালিদ শুধু একজন সেনাপতিই ছিলেন না, ছিলেন অসাধারণ সামরিক কৌশলবিদ। তিনি বাহিনীকে এমনভাবে বিন্যস্ত করেছিলেন, যাতে অফেন্সিভ (আক্রমণাত্মক) এবং ডিফেন্সিভ (রক্ষণাত্মক)—উভয় স্ট্র্যাটেজির সর্বোচ্চ প্রয়োগ করা যায়।
মুসলিম বাহিনীর সৈন্যসংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। আলওয়াকিদি এবং ইবনে কাসির ও অন্য ধ্রুপদি ইতিহাসবিদরা মুসলিম সৈন্যসংখ্যা ২০,০০০ থেকে ৩২,০০০-এর মধ্যে বলে উল্লেখ করেছেন। আধুনিক ইতিহাসবিদ যেমন হিউ কেনেডি বা ফ্রেড ডোনার মনে করেন, সমসাময়িক বাস্তবতায় উভয় বাহিনীই সম্ভবত ১০,০০০ থেকে ২০,০০০-এর মধ্যে ছিল, তবে রোমানদের সংখ্যা কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা প্রবল।
খালিদ ইবনুল ওয়ালিদ বাহিনীকে নিম্নলিখিত প্রধান ভাগে বিভক্ত করেছিলেন—
বাহিনীর সেন্টারে রাখলেন মুয়াজ ইবনে জাবালকে, তার দায়িত্ব ছিল—বাহিনীর মূল মেরুদণ্ড হিসেবে পজিশন নেওয়া এবং স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা। রাইট উইংয়ে (ডান বাহু) রাখলেন সাঈদ ইবনে আমিরকে, তার দায়িত্ব ছিল—রোমানদের বাম বাহুর আক্রমণ প্রতিহত করা এবং পাল্টা আঘাত হানা। লেফটে উইংয়ে (বাম বাহু) ছিলেন আবদুর রহমান ইবনে আবু বকর, তার দায়িত্ব ছিল—রোমানদের ডান বাহুর চাপ সামলানো। মোবাইল গার্ড বা রিসার্ভ বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ নিজে। সংকটকালে যেকোনো প্রান্তে দ্রুত পৌঁছানোর জন্য ৪,০০০ অশ্বারোহীর এই দলটিকে সেনাপতি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। ক্যাম্প গার্ডের দায়িত্বে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, দায়িত্ব—রসদ এবং ক্যাম্পের নিরাপত্তার পাশাপাশি যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে রিজার্ভ হিসেবে কাজ করা।
খালিদ ইবনুল ওয়ালিদের রণকৌশলের একটি অনন্য দিক ছিল তার ‘মোবাইল গার্ড’ বা দ্রুতগামী অশ্বারোহী বাহিনী। এই বাহিনীটি ছিল তার ব্যক্তিগত তত্ত্বাবধানে প্রশিক্ষিত এবং যুদ্ধের গতিপথ বদলে দিতে সক্ষম। এছাড়া তিনি অভিজ্ঞ কমান্ডোদের একটি দল গঠন করেছিলেন, যার প্রধান ছিলেন অসীম সাহসী যোদ্ধা দিরার ইবনুল আজওয়ার। এই দলটির কাজ ছিল শত্রুর ব্যূহ ভেদ করে প্রধান জেনারেলদের লক্ষ্যবস্তু করা। মুসলিম নারীরাও শিবিরের পেছনে অবস্থান নিয়েছিলেন, যারা যুদ্ধে আহতদের সেবা এবং প্রয়োজনে অস্ত্র হাতে শিবির রক্ষার শপথ নিয়েছিলেন।
যুদ্ধ-ময়দানের জিওগ্রাফি
আজনাদাইনের রণক্ষেত্রটি ছিল ভৌগোলিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক গবেষণায় দেখা যায়, এটি ফিলিস্তিনের বায়ত জিবরিন (بيت جبرين) এবং রমলা (الرملة) নগরীর নিকটবর্তী কোনো এক এলাকায় অবস্থিত ছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন, এটি ওয়াদিউস সামত (Wadi al-Samt) বা বাইবেলে বর্ণিত ‘এলাহ উপত্যকা’র (Valley of Elah) কোনো এক সমতল ভূমিতে সংঘটিত হয়েছিল। এই অঞ্চলের ভূমিরূপ ছিল বৈচিত্র্যময়।
সমতল প্রান্তর : রণক্ষেত্রের মূল অংশ ছিল একটি বিস্তৃত সমভূমি, এই প্রান্তর অশ্বারোহী বাহিনীর চলাচলের জন্য অত্যন্ত উপযোগী ছিল। খালিদ এই সমতল ভূমিকে তলোয়ারের কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা করেছিলেন।
পার্শ্ববর্তী পাহাড় : উপত্যকার দুই পাশে ছিল ছোট ছোট টিলা এবং পাহাড়ি ঢাল। এই টিলাগুলো রোমান তিরন্দাজদের জন্য সুবিধাজনক অবস্থান প্রদান করেছিল; কিন্তু অন্যদিকে মুসলিমদের জন্য অতর্কিত আক্রমণের সুযোগও তৈরি করে দিয়েছিল।
কৌশলগত গুরুত্ব
আজনাদাইন ছিল জেরুসালেম, গাজা এবং হেবরনের মতো গুরুত্বপূর্ণ শহরের মিলনস্থল। এই জায়গার নিয়ন্ত্রণ মানেই ছিল সমগ্র দক্ষিণ ফিলিস্তিনের চাবিকাঠি হাতে পাওয়া।
পাঠক যদি কল্পনা করতে চান, তবে আজনাদাইনকে মনে করতে পারেন একটি বিশাল থালার মতো, যার চারপাশে পাথুরে পাহাড়ের দেয়াল। রোমানরা তাদের অবস্থান নিয়েছিল পাহাড়ের পাদদেশে, যাতে তাদের পেছনে নিরাপদ আশ্রয়ের সুযোগ থাকে। অন্যদিকে মুসলিমরা মরুভূমির দিক থেকে এসে সমতল প্রান্তরে ব্যূহ রচনা করেছিল। গ্রীষ্মের কাঠফাটা রোদে তপ্ত হয়ে ওঠা বালি আর রুক্ষ পাথরের এই ময়দানটিই ছিল দুই মহান শক্তির শেষ পরীক্ষার ক্ষেত্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

