বাঙালি জাতিসত্তার উপাদান: রাষ্ট্র, সার্বভৌমত্ব, প্রগতি ও ইসলাম

আনোয়ার হাসান

বাঙালি জাতিসত্তার উপাদান: রাষ্ট্র, সার্বভৌমত্ব, প্রগতি ও ইসলাম

বাংলাদেশে জাতিসত্তা নিয়ে বিতর্ক নতুন নয়; কিন্তু এই বিতর্কের একটি বড় সীমাবদ্ধতা হলো—এটি প্রায়ই ইতিহাসকে খণ্ডিতভাবে দেখে। কেউ ভাষাকে একমাত্র ভিত্তি হিসেবে তুলে ধরেন, কেউ ধর্মকে; আবার কেউ সংস্কৃতিকে। অথচ বাঙালি জাতিসত্তা গঠিত হয়েছে একটি জটিল ঐতিহাসিক প্রক্রিয়ায়, যেখানে ইসলাম একক না হলেও একটি নির্ণায়ক শক্তি।

বাংলায় ইসলামের আগমন কোনো আকস্মিক রাজনৈতিক ঘটনা ছিল না; এটি ছিল একটি ধীর, সামাজিক ও নৈতিক রূপান্তরের প্রক্রিয়া। সুফি সাধক, দরবেশ ও বণিকদের মাধ্যমে যে ইসলাম বাংলায় বিস্তার লাভ করে, তা ক্ষমতার ভাষা নয়—বরং মানুষের ভাষা। এই ইসলামের কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি মৌলিক মূল্যবোধ : ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদা।

বিজ্ঞাপন

এই মূল্যবোধগুলোর ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন না করলে বাঙালি জাতিসত্তার ভিত্তি বোঝা অসম্ভব।

মধ্যযুগীয় বাংলার সমাজ ছিল কঠোরভাবে স্তরবিন্যস্ত। বর্ণব্যবস্থা ও সামাজিক বৈষম্য নিম্নবর্গের মানুষকে প্রান্তিক করে রেখেছিল। এই প্রেক্ষাপটে ইসলাম যে বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে আসে, তা ছিল বিপ্লবাত্মক। এখানে জন্ম নয়, মানুষ হিসেবে পরিচয়ই মুখ্য; এখানে সামাজিক মর্যাদা নির্ধারিত হয় না বংশ বা বর্ণ দ্বারা; বরং নির্ধারিত হয় ন্যায় ও নৈতিকতার দ্বারা।

ফলে ইসলাম বাংলায় কেবল একটি ধর্মীয় পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত হয়নি; বরং এটি একটি সমতাভিত্তিক সামাজিক কল্পনা তৈরি করে। এই কল্পনাই ধীরে ধীরে বাঙালি মুসলমান সমাজের ভিত গড়ে তোলে, যার গভীরে রয়েছে ন্যায়বোধ, সমতার আকাঙ্ক্ষা এবং মানবিক মর্যাদার দাবি। এই পথ ধরেই পরবর্তীকালে গোটা বাঙালি চেতনা আবর্তিত হয়। এই চেতনার বাইরে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর কোনো প্রকার বিকাশের চিন্তা করা মানে আত্মঘাতী হওয়া।

অতএব, স্পষ্টভাবে বলা প্রয়োজন, বাঙালি জাতিসত্তার মৌল ভিত্তিতে যে সমতামুখী ও মানবিক চেতনা বিদ্যমান, তার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস ইসলামের এই মূল্যবোধ।

সুলতানি আমলে এই প্রক্রিয়া একটি রাষ্ট্রীয় মাত্রা পায়। বাংলায় একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তার বিকাশ ঘটে, যা দিল্লির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে অনেকাংশে স্বাধীন ছিল। এই সময় বাংলা ভাষা, সাহিত্য ও লোকসংস্কৃতির বিকাশে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতা একটি নতুন গতি আনে।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়—ইসলাম এই সময় কোনো একরৈখিক বা কঠোর রাষ্ট্রধর্মে পরিণত হয়নি; বরং এটি একটি লোকায়ত, সংস্কৃতিনির্ভর চর্চা হিসেবে বিকশিত হয়। ফলে বাংলায় একটি সংমিশ্রিত সংস্কৃতির উদ্ভব ঘটে, যেখানে ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও একটি অভিন্ন সামাজিক বাস্তবতা তৈরি হয়। এর কেন্দ্রে ছিল বাংলা ভাষা। এই সময় অবহেলিত একটি ভাষা ও জনগোষ্ঠী সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদাপ্রাপ্ত হয়। এই সময় বাংলা ভাষায় সাহিত্য, সংস্কৃতি ও ধর্মকথা সম্মানের সঙ্গে লিখিত হয়, প্রচারিত হয়। দ্বাদশ শতকের আগে প্রকাশ্যে এমন ঘটনা কল্পনাই করা যেত না । যেজন্য আমরা শ্রী কৃষ্ণকীর্তন, মঙ্গল কাব্যের ধারা, রোমান্টিক প্রণয় উপাখ্যানসহ রামায়ণ ও মহাভারতের অসাধারণ অনুবাদ পাই, যা আজও অসম্ভব জনপ্রিয়।

ঔপনিবেশিক যুগে এই ধারাটি নতুন রূপ পায়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে ওঠে, সেখানে ইসলাম আবারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এবার একটি রাজনৈতিক ভাষা হিসেবে। ফকির-সন্ন্যাসী আন্দোলন থেকে তিতুমীর বা ফরায়েজি আন্দোলন—এসব ক্ষেত্রে ইসলাম শোষণের বিরুদ্ধে সংগ্রামের নৈতিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।

এই ধারাবাহিকতা আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্যের দিকে নিয়ে যায়—বাংলায় ইসলাম ঐতিহাসিকভাবে ক্ষমতার সহায়ক শক্তি নয়; বরং বহু ক্ষেত্রে ক্ষমতার বিরুদ্ধে ন্যায় ও প্রতিরোধের ভাষা।

কিন্তু ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় এই ঐতিহাসিক বাস্তবতা উপেক্ষা করা হয়। ইসলামকে একটি একমাত্রিক রাজনৈতিক পরিচয়ে রূপান্তরিত করে রাষ্ট্র নির্মাণের চেষ্টা করা হয়। ফলাফল আমরা জানি—পূর্ব বাংলার মানুষ খুব দ্রুতই বুঝতে পারে, ধর্মীয় পরিচয় তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পারছে না।

ভাষা আন্দোলন (১৯৫২) থেকে মুক্তিযুদ্ধ (১৯৭১)—এই পুরো ধারাবাহিকতা প্রমাণ করে যে, বাঙালি জাতিসত্তা একটি বহুমাত্রিক নির্মাণ, যেখানে ইসলাম একটি গুরুত্বপূর্ণ বৈপ্লবিক উপাদান, কিন্তু কেন্দ্র নয়; আবার এটিকে অস্বীকারও করা যায় না।

স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে এসে প্রশ্নটি নতুনভাবে সামনে আসে—রাষ্ট্র, সার্বভৌমত্ব ও প্রগতির সঙ্গে ইসলামের সম্পর্ক কী?

সার্বভৌমত্বকে সাধারণত একটি রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার মাধ্যমে বোঝানো হয়। কিন্তু বাস্তবে এটি একটি নৈতিক ধারণাও, যেখানে জনগণের অধিকার, মর্যাদা ও অংশগ্রহণের প্রশ্নটি কেন্দ্রে থাকে।

যখন রাষ্ট্র তার নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন তার সার্বভৌমত্ব কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়ে। প্রকৃত সার্বভৌমত্ব তখনই প্রতিষ্ঠিত হয়, যখন রাষ্ট্র জনগণের প্রতি জবাবদিহিমূলক হয় এবং তাদের অধিকার সুরক্ষিত রাখে।

বাংলার ইতিহাসে ইসলাম কেবল একটি ধর্মীয় পরিচয় হিসেবে নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। মধ্যযুগে আগত সুফি ধারার মাধ্যমে ইসলামের যে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক ব্যাখ্যা এই অঞ্চলে বিস্তার লাভ করে, তা স্থানীয় সংস্কৃতিকে আত্মস্থ করে একধরনের সৃজনশীল সহাবস্থান গড়ে তোলে।

এর ফলে বাঙালি মুসলমান সমাজে এমন এক সাংস্কৃতিক ধারা তৈরি হয়, যেখানে ধর্মীয় মূল্যবোধ ও আঞ্চলিক ঐতিহ্য পরস্পরকে সমৃদ্ধ করেছে। ইসলাম এখানে কেবল আচারিক অনুশীলনে সীমাবদ্ধ থাকেনি; বরং ইসলামের অন্তর্গত সত্য-ন্যায়, সাম্য ও মানবিকতার একটি গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে।

বর্তমান বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—ধর্মকে আমরা কীভাবে ব্যবহার করছি? একদিকে ধর্মকে রাজনৈতিক বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা রয়েছে, যা সামাজিক বিভক্তি ও অস্থিরতা তৈরি করে। অন্যদিকে ধর্মের অন্তর্নিহিত নৈতিক ও মানবিক মূল্যবোধকে প্রগতির সহায়ক শক্তি হিসেবে ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

প্রথম প্রবণতা ইতিহাসে বারবার সংকট সৃষ্টি করেছে—এটি সামাজিক সংহতি দুর্বল করেছে এবং রাষ্ট্রের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। বিপরীতে, দ্বিতীয় পথটি এখনো যথেষ্টভাবে অন্বেষিত হয়নি।

এই প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি হলো একটি বুদ্ধিগত সততা। ইসলামকে তার ঐতিহাসিক বাস্তবতা ও মানবিক-ন্যায়ভিত্তিক ঐতিহ্যের আলোকে পুনরায় অনুধাবন করা প্রয়োজন। এটি কোনো ধর্মীয় বিতর্ক নয়; বরং একটি সামাজিক উপলব্ধি—যে ধর্মের শক্তি তার নৈতিক মূল্যবোধে নিহিত।

রাষ্ট্রের স্থায়িত্ব ও সার্বভৌমত্ব তাই কেবল বাহ্যিক শক্তির ওপর নির্ভর করে না; এটি নির্ভর করে একটি জাতির অভ্যন্তরীণ নৈতিক ঐক্যের ওপর। বাঙালি জাতিসত্তার সেই ঐক্য ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের পাশাপাশি—ন্যায় ও সাম্যের মতো মূল্যবোধের মাধ্যমেও গড়ে উঠেছে।

অতএব, ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে আমাদের সামনে দুটি পথ খোলা। একটি হলো ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা; অন্যটি হলো ইসলাম ধর্মের ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধকে প্রগতির সহায়ক শক্তিতে রূপান্তর করা।

এই দ্বিতীয় পথটি কোনো বিমূর্ত ধারণা নয়; বরং একটি বাস্তব রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিভঙ্গি। এখানে ইসলামকে পরিচয়গত আবেগের গণ্ডি পেরিয়ে তার মৌলিক মূল্যবোধ—ন্যায়, সাম্য, পরামর্শভিত্তিক ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা (শুরা) এবং মানবমর্যাদার সুরক্ষা—রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে কার্যকর করার আহ্বান রয়েছে।

এই দৃষ্টিভঙ্গিতে ধর্ম বিভাজনের কারণ নয়; বরং শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি নৈতিক শক্তি। শিক্ষা, বিচার ও অর্থনীতিতে এই নীতিগুলোর প্রতিফলন ঘটাতে পারলে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি তৈরি হতে পারে।

আজকের বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে—যেখানে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়, বরং নৈতিক প্রগতির উৎস হিসেবে পুনর্বিবেচনা করাই ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনাময় পথ হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...