হামে আক্রান্ত রোগীদের দেখতে শনিবার বেলা ১১টায় রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে হামে আক্রান্ত রোগীদের খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।
এ সময় চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াত আমির। তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চিকিৎসার সার্বিক বিষয়ে জানতে চান এবং সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে জামায়াত আমির হাসপাতালের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, দেশে হামের অবস্থা কী, দেখতে এসেছি। হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি। সংসদে এটা নিয়ে কথা বলব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, পুরো স্বাস্থ্য খাতে নাজেহাল অবস্থা। হাসপাতালকে বাজার বলা যেতে পারে। হাম চিকিৎসার জন্য আইসিইউর কোনো অস্তিত্ব নেই হাসপাতালে। সরকারের অনেক কিছু কিতাবে ও খাতায় আছে, কিন্তু বাস্তবে চাই।
তিনি বলেন, জরুরি সংকট কখনো নোটিশ দিয়ে আসে না। সংসদে সরকারি দলের কথার ভাবে মনে হয়, দেশে কোনো সমস্যা নেই। জনগণের ট্যাক্সের হিসাব অনুযায়ী সরকারকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পরে জামায়াত আমির আসাদগেটে একটি পেট্রোল পাম্প পরিদর্শন করেন। সেখানে তেলের সংকট, তেলের জন্য দীর্ঘ লাইন, জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। এ বিষয়ে সরকারের দায়িত্বহীনতার সমালোচনা করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

