দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন সভাপতি থাকা নাজমুল হাসান পাপনের বিদায়ের পর অল্প সময়ের ব্যবধানে একাধিকবার নেতৃত্ব বদল হয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিতে। এই প্রেক্ষাপটে বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।
২০২৪ সালের ৫ আগস্টের পর বিসিবির সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। পরবর্তী সময়ে ২০২৫ সালে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। তবে সেই নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সবশেষে গতকাল তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি নতুন করে দায়িত্ব গ্রহণ করেছে।
এই পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আফতাব। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকিট কিনেন আপনার ওই টিকিট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার সেখানে ক্রিকেট ব্যবস্থাপনার উদাহরণ টেনে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তুলনা করেন। তার ভাষ্য, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা একচুয়ালি কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করতেছি।’
দেশের ক্রিকেট প্রশাসন নিয়ে হতাশা প্রকাশ করে আফতাব আরও বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানাই দেবে। মিডিয়া এমনভাবে ঢোল পেটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাইলাম।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

