মিসরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সমর্থকদের আচরণে বিতর্কে জড়িয়েছে স্পেন। ম্যাচ চলাকালে মুসলিমবিদ্বেষী স্লোগান দেওয়ার ঘটনায় এবার শাস্তিমূলক ব্যবস্থার পথে হাঁটছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে জরিমানা, দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন কিংবা সংশ্লিষ্ট ভেন্যু সাময়িক নিষিদ্ধ করার মতো শাস্তির সম্ভাবনা রয়েছে।
গত ৩১ মার্চ রাতে ফিফা উইন্ডোর ম্যাচে মুখোমুখি হয় স্পেন ও মিসর। গোলশূন্য ড্র হওয়া এই ম্যাচে ৮৪ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় মিসর। তবুও সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে পারেনি স্পেন। বরং মাঠের বাইরে সমর্থকদের আচরণই আলোচনার কেন্দ্রে চলে আসে।
ম্যাচের প্রথমার্ধে গ্যালারি থেকে মুসলিমবিরোধী স্লোগান শোনা গেলে বিরতিতে জায়ান্ট স্ক্রিনে সতর্কবার্তা দেয় আরসিডিই স্টেডিয়াম কর্তৃপক্ষ। দ্বিতীয়ার্ধেও একই বার্তা পুনরায় প্রচার করা হলেও তা উপেক্ষা করে একাংশের সমর্থকরা শিস ও স্লোগান চালিয়ে যায়।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানায়, ফুটবলে সব ধরনের বর্ণবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।
ঘটনার তদন্তে নেমেছে ফিফা। বিভিন্ন ভিডিও ফুটেজ, রেফারি ও ম্যাচ পর্যবেক্ষকের প্রতিবেদন এবং নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে আরএফইএফ-এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ফিফার এক মুখপাত্র নিশ্চিত করেছেন, মিসরের বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে স্পেনের স্থানীয় পুলিশ সংস্থাও স্টেডিয়ামে সংঘটিত ইসলামবিদ্বেষী আচরণ নিয়ে তদন্ত শুরু করেছে। ম্যাচ চলাকালে কিছু সমর্থককে ‘যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম’—এমন স্লোগান দিতেও শোনা যায়। পাশাপাশি মিসরের খেলোয়াড়দের কিছু আচরণের সময় শিস বাজিয়ে বিদ্রূপ করা হয়।
ঘটনার পর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই ইস্যুতে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালও আগেই মন্তব্য করে বলেছেন, ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদেরই বহিঃপ্রকাশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

