বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে আজ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ২-১ গোলে হারাল আবাহনী। এ নিয়ে লিগে তিন বছর পর মোহামেডানের বিপক্ষে জিতল তারা। এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে আসল ধানমন্ডিপাড়ার দলটি। ১২ ম্যাচ খেলে এখন ২২ পয়েন্ট অর্জন আবাহনীর।
অন্যদিকে, আবাহনীর সমান ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে নেমে গেল মোহামেডান। ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ২৪ পয়েন্ট অর্জন টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের। আগামীকাল কিংস অ্যারেনায় আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে মাঠে নামবে তারা। একই দিন গাজীপুরের মাঠে ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি পরস্পরের মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে বেলা সাড়ে ৩টায়।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে লড়াইয়ে প্রথম এগিয়ে গিয়েছিল মোহামেডানই। তিন মিনিটেই উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভের ‘অলিম্পিক গোল’-এ এগিয়ে যায় কোচ আলফাজ আহমেদের দল। তবে প্রথমার্ধেই ম্যাচে সমতায় ফেরে আবাহনী। ১৭ মিনিটে মিরাজুল ইসলামের গোল করেন।
দ্বিতীয়ার্ধে সুলেমানে দিয়াবাতের গোলে স্কোর লাইন ২-১ করে আবাহনী। ৬৬ মিনিটে হওয়া দিয়াবাতের গোলটিই আবাহনীকে কাঙ্ক্ষিত জয় এনে দেয়। লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মোহামেডানের। টানা ছয় ম্যাচে জয়হীন থাকার পর আরো একটি হারের স্বাদ পেল তারা। আবাহনীর বিপক্ষে শতচেষ্টা করেও সফল হতে পারেনি সাদা-কালো জার্সিধারীরা। ফলে গত মৌসুমে লিগ শিরোপাজয়ীরা ক্রমেই এবারের লিগে পিছিয়ে পড়ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

