গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান মক্কার গ্র্যান্ড মসজিদের ইমামের

আমার দেশ অনলাইন

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান মক্কার গ্র্যান্ড মসজিদের ইমামের
সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারামের ইমাম শেখ সালেহ বিন হুমাইদ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য ও গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারামের ইমাম শেখ সালেহ বিন হুমাইদ। শুক্রবার জুমার খুতবায় তিনি এ বিষয়ে সতর্কবার্তা দেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

খুতবায় তিনি বলেন, গুজব তৈরি বা প্রচারে যারা জড়িত, তাদের প্রত্যেকেরই নৈতিক দায় রয়েছে। কঠিন সময়েই মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় উল্লেখ করে তিনি মুসল্লিদের ধর্মীয় বিশ্বাস ও আমলে অটল থাকার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি পার্থিব জটিলতা নিয়ে অতিরিক্ত ব্যস্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

শেখ সালেহ আরও বলেন, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর এবং এটি পাপের কারণও বটে। তিনি মুসলিম উম্মাহকে সত্যনিষ্ঠা ও সততা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষ এ ধরনের সতর্কতা জোরদার করেছে। তারা বলছে, বিশেষ করে রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে এমন গুজব ছড়ানো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।

সরকারি তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য প্রচার বা শেয়ারের দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড, ৩০ লাখ সৌদি রিয়াল (প্রায় ৮ লাখ মার্কিন ডলার) জরিমানা এবং অপরাধে ব্যবহৃত ডিভাইস জব্দের মতো শাস্তির মুখোমুখি হতে পারে।

এর আগে কোভিড-১৯ মহামারিসহ বিভিন্ন সংকটকালেও একই ধরনের সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। তখন স্বাস্থ্যবিধি, কারফিউ এবং গ্র্যান্ড মসজিদসংক্রান্ত ভ্রান্ত তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

কর্মকর্তারা জনগণকে তথ্যের জন্য নির্ভরযোগ্য ও যাচাইকৃত সরকারি সূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, ভুয়া বা ভিত্তিহীন কোনো তথ্য শেয়ার করা কিংবা পুনরায় প্রচার করা থেকেও বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন