ইসরাইলকে ‘শয়তান’ এবং ‘মানবতার জন্য অভিশাপ’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিকমাধ্যম এক্সে তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও, লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা করা অব্যাহত রেখেছে ইসরাইল।
তার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।
খাজা আসিফ তার পোস্টে লেখেন, ‘লেবাননে গণহত্যা চালানো হচ্ছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করছে ইসরাইল । প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবানন, রক্তপাত অব্যাহত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘যারা ফিলিস্তিনি ভূমিতে ইসরাইল রাষ্ট্র তৈরি করেছে, তারা যেন ‘নরকের আগুনে জ্বলে’।
এর জবাবে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, আসিফের এই মন্তব্য ইসরাইলকে ধ্বংস করার আহ্বানের শামিল।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত জঘন্য।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই সহ্য করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত এবং পাকিস্তানের মধ্যস্থতায় মঙ্গলবারে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি সংক্রান্ত চলমান কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামলা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এই বিতর্কটি সামনে আসে।
যদিও পাকিস্তানি মধ্যস্থতাকারী এবং তেহরান বলেছে যে এই যুদ্ধবিরতি লেবাননের জন্যও প্রযোজ্য, ওয়াশিংটন এবং তেল আবিব তা অস্বীকার করেছে।
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, ইসরায়েলি সেনাবাহিনী বুধবার থেকে লেবাননজুড়ে হামলা তীব্রতর করেছে, এতে অন্তত ৩০৩ জন নিহত এবং ১,১৫০ জন আহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সম্প্রসারিত হামলায় ১,৮৮৮ জন নিহত এবং ৬,০৯২ জন আহত হয়েছে।
সূত্র: আনাদোলু
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে বিশেষ দূত পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া