হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড চুক্তির পরিপন্থী: ট্রাম্প

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড চুক্তির পরিপন্থী: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ইরান অত্যন্ত ‘নড়বড়ে’ ভূমিকা পালন করছে।

ট্রাম্পের দাবি, ইরানের বর্তমান এই আচরণ দেশগুলোর মধ্যে বিদ্যমান চুক্তির সরাসরি লঙ্ঘন।

বিজ্ঞাপন

সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা ট্যাঙ্কারগুলো থেকে ইরান ফি বা মাশুল আদায় করছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘খবর আসছে ইরান হরমুজ প্রণালি দিয়ে যাওয়া ট্যাঙ্কারগুলো থেকে ফি নিচ্ছে। তারা যেন এমনটা না করে, আর যদি করে থাকে তবে এখনই তা বন্ধ করা উচিত।’

লেবানন ও ইসরাইল পরিস্থিতি

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে। ওয়াশিংটনে আগামী সপ্তাহে এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

তবে আলোচনার সম্ভাবনা থাকলেও মাঠের চিত্র ভিন্ন। উত্তর ইসরাইলের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ‘লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না।’

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আলোচনার স্বার্থে ইসরাইল তাদের হামলার তীব্রতা কমিয়ে আনবে। ট্রাম্প বলেন, ‘আমি বিবির (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি, সে আপাতত বিষয়টি কিছুটা নমনীয়ভাবে দেখবে।’

মানবিক বিপর্যয় ও হাসপাতাল খালি করার নির্দেশ

গত বুধবার ও বৃহস্পতিবার লেবাননে ইসরাইলি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুধবারের হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১ হাজার ১৫০ জন আহত হয়েছেন।

ইসরাইলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই উচ্ছেদ এলাকার মধ্যে দু’টি প্রধান হাসপাতাল রয়েছে যেখানে প্রায় ৪৫০ জন রোগী চিকিৎসাধীন। তিনি সতর্ক করে বলেন, ‘এই মুহূর্তে এত বিপুল সংখ্যক রোগীকে সরিয়ে নেওয়ার মতো কোনো বিকল্প চিকিৎসা ব্যবস্থা নেই, যা এই উচ্ছেদ অভিযানকে প্রায় অসম্ভব করে তুলেছে।’

ধোঁয়াশা ও সংঘাতের শঙ্কা

যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে। ইরান ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের দাবি ছিল, যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তা শুরু থেকেই অস্বীকার করে আসছে। এই অস্পষ্টতার মধ্যেই ইসরাইল গত ছয় সপ্তাহের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালায়। এর প্রতিবাদে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার এবং পাল্টা হামলার হুমকি দিয়েছে।

উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও এলএনজি এই রুট দিয়ে পরিবাহিত হয়।

বৈরুতে অস্ত্র নিয়ন্ত্রণে লেবানন সরকারের কড়াকড়ি

ইসরাইলের দাবি অনুযায়ী, তারা এ পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে লেবাননের মন্ত্রিসভা বৈরুতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া অন্য সব সংস্থার সশস্ত্র তৎপরতা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে।

প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক বৈঠক শেষে জানান, বৈরুতে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...