যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ, তবুও কূটনীতিতে সক্রিয় পাকিস্তান: কামার চিমা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ, তবুও কূটনীতিতে সক্রিয় পাকিস্তান: কামার চিমা
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক আলোচনার ফলাফল প্রত্যাশামতো না হলেও পাকিস্তান তার কূটনৈতিক প্রচেষ্টা থেকে সরে আসছে না। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সানোবার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কামার চিমা। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক দশকে এই আলোচনা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাগুলোর একটি। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

তিনি জানান, আলোচনায় ইরানকে একটি চূড়ান্ত প্রস্তাব দেওয়া হয়েছে এবং এখন ইরানি প্রতিনিধিদলকে দেশটির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে সেই প্রস্তাবের বিষয়ে মতামত নিতে হবে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হওয়ায় নতুন নেতৃত্ব এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকিস্তানের ভূমিকা সম্পর্কে চিমা বলেন, ‘পাকিস্তানের কাজ ছিল দুই পক্ষকে আলোচনার টেবিলে আনা, তাদের মধ্যে দূরত্ব কমানো এবং বিশ্বাস পুনর্গঠন করা—আর পাকিস্তান সেই দায়িত্ব সফলভাবে পালন করেছে।’

তিনি আরো জানান, উভয় পক্ষই পাকিস্তানের ভূমিকাকে প্রশংসা করেছে, যা দেশটির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।


চিমা জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ার সবচেয়ে বড় অর্জন হচ্ছে যুদ্ধবিরতি। ‘আমরা যুদ্ধবিরতি পেয়েছি আর সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,’ বলেন তিনি।

আগামী দিনগুলোতে ইরান প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আবার আলোচনায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তার মতে, এটি একটি চলমান প্রক্রিয়া এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন