চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় নাজিম উদ্দীন হায়দার পুলিশ দেখে পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পরপরই কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও পরে সংশ্লিষ্ট সূত্র জানায়, চেক সংক্রান্ত একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, “চেকের মামলায় ওয়ারেন্ট থাকায় নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা বা ওয়ারেন্ট রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

