দেবিদ্বারে মাদ্রাসার দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

দেবিদ্বারে মাদ্রাসার দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে একটি মাদ্রাসার পুরাতন দেয়াল অপসারণের সময় দেয়াল ধসে মো. সিফাত (৭) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ছোটআলমপুর ব্রয়লার সংলগ্ন কাশিফুল উলুম মাদ্রাসায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মাসুম আহমেদের ছেলে। সে ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার ভেতরে একটি পুরাতন দেয়াল ভাঙার কাজ চলছিল। অভিযোগ উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক নিয়োগ না করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়েই ঝুঁকিপূর্ণ এ কাজ করাচ্ছিল। কাজ চলাকালে দেয়ালের একটি বড় অংশ হঠাৎ ভেঙে সিফাতের ওপর ধসে পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোমলমতি শিশুদের দিয়ে এমন ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করানোর বৈধতা ও নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, দেওয়াল ধসে ৭ বছরের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে থানার একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...