চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ডাকাতির ঘটনার ৮ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক সেনাসদস্য নাহিদ হোসেন বাবু (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সাবেক সেনাসদস্য নাহিদ হোসেনের খামার থেকে মুরগি ক্রয় করতে মিঠাছরা বাজারে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা। এ সময় তাদের সুকৌশলে সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লক্ষ ৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন চিনিয়ে নিয়ে যায়।
ঘটনা জানাজানি হওয়ার পর মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে নামে মিরসরাই থানা পুলিশ।
এ সময় মুরগী ব্যবসায়ী সাবেক সেনাসদস্য নাহিদকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নাহিদ পুলিশকে জানান, ডাকাতি শেষে লুট করা টাকা ও অস্ত্র তার সহযোগী রিয়াজের কাছে রয়েছে। পরে মিঠাছরা এলাকায় রিয়াজের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি রামদা, নগদ ১ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা, ২টি কালো রংয়ের মুখোশ, ২টি কালো রংয়ের ক্যাপ এবং ১টি মোবাইল ফোনসহ সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশের দ্রুত পদক্ষেপে রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

