সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

সিলেট ব্যুরো

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত সব সময় জনগণের পাশে ছিল। তাই গত নির্বাচনে জনগণ বিপুল ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করতে কাজ করেছে। আমাদের সেই বিজয়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার রাতে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগরীর বন্দরবাজারস্থ মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে মহানগরীর কর্মপরিষদ সদস্য, শুরা সদস্য ও সকল থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের উপর সীমাহিন জুলুম নিপীড়ন চালিয়েছে। আমাদের ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করেছে।

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার ২ মাসেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জ্বালানি নিয়ে চরম নৈরাজ্য চলছে। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেনা। লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও কাঙ্খিত পরিবর্তন এখনো অধরা। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এটি বিতর্কমুক্ত না থাকা দুঃখনজনক। ঐ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রায় ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বাতিলের মাধ্যমে সরকার ফের ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে।

জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র প্রমাণ করে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে মাধ্যমে ক্ষমতায় গেছে। তাই তারা জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খাকে জলাঞ্জলি দিয়ে জাতির সাথে প্রতারণা করছে। এর পরিনতি ভালো হবেনা। এদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোন স্বপ্ন পূরণ হবেনা।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের|

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাইকে উপেক্ষা করে জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণা করে ক্ষমতায় থাকা যাবেনা। জামায়াতে ইসলামী জুলাই আকাঙ্খাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাবে। জামায়াতের সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে|

সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...