সিলেটে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৪ লাখ ৬৫ হাজার ৫৪ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা পাবে। মাসব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে সোমবার । এ কর্মসূচি চলবে আগামী ১০মে পর্যন্ত।
রোববার সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রার মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় রয়েছে ৬৮ হাজার ৫৪০ জন শিশু এবং জেলার ১৩টি উপজেলায় রয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ জন।
রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, জেলায় মোট ২ হাজার ৪৬১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬মাস থেকে ৫৯মাস বয়সী ৩লাখ ৯৬হাজার ৫১৪ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সিসিক আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬-এর অংশ হিসেবে সিলেট নগরীতেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে এক ডোজ করে এমআর টিকা প্রদান করা হবে।
তিনি জানান, প্রথম ধাপে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য প্রতিদিন ৮৪টি টিম কাজ করবে। যেখানে প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম চলবে ৬ কর্মদিবস।
তিনি আরও বলেন, সিসিকের নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে কমিউনিটি পর্যায়ের কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত সময়ে কোনো শিশু টিকা নিতে না পারলে পরবর্তীতে স্থায়ী কেন্দ্র থেকে টিকা গ্রহণের সুযোগ থাকবে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি তারই অংশ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

