জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

জেলা প্রতিনিধি, ফেনী

জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীরে মরহুম মকবুল আহমাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও কবর জিয়ারত করেছেন দলীয় নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুমা ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে এ কর্মসূচি পালন করা হয়।

কবর জিয়ারতে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোস্তফা সহ দলীয় নেতাকর্মীরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ এপ্রিল রাজধানীর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মকবুল আহমাদ।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ এবং ১৯৮৬ ও ১৯৯১ সালে ফেনী-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মকবুল আহমাদ জামায়াতের তৃতীয় নির্বাচিত আমির ছিলেন। এর আগে ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি নির্বাচিত আমিরের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালে তার স্থলাভিষিক্ত হন বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও শরিষাদী হাই স্কুলে শিক্ষকতা করেছেন তিনি। পারিবারিক জীবনে তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক।

মরহুম মকবুল আহমাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে নেতৃবৃন্দ তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন