ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর নিশাত (৬) নামে এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত চিপস কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে নিশাতের বাড়ির অদূরে একটি বস্তার ভেতর লাশ দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে শিশুটির পরিহিত কাপড় দেখে লাশ শনাক্ত করেন।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই নির্মম ও রহস্যজনক হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ, ডিবি, র‍্যাব ও পিবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন