কুষ্টিয়ার ভেড়ামারায় ১টি বিদেশি অস্ত্র, এক রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেলসহ বুধবার রাতে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সবুজ আলী (২৮), আপন আলী (২২), সাকিবুল হাসান শোভন (২১) ও নুরুন্নবী প্রামাণিক (৩৫)। তারা সবাই ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়া এলাকার বকুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা করে। একপর্যায়ে এলাকাবাসী হামলাকারীদের ঘিরে ফেলে সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে অস্ত্র, দুটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করে।
ভুক্তভোগী বিজয়ের বাবা বকুল হোসেন বলেন, সবুজের নেতৃত্বে ৩-৪টি
মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী এসে তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পুলিশ একটি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি দুটি পিস্তল সন্ত্রাসীরা পুকুরে ফেলে দেয়।
আটক সবুজ আলী অভিযোগ করেন, ১৪ জানুয়ারি সাখাওয়াত হোসেন বিজয় তার স্ত্রীর গায়ে হাত তুলেছে।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, পুলিশ একটি বিদেশি অস্ত্র, এক রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেফতার করেছে। দুটি অস্ত্র পুকুরে ফেলার বিষয়টি খতিয়ে দেখছি। মামলার প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

